সুনামগঞ্জ সিলেটের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে নাসার আহমেদ চৌধুরীর জন্ম। তার চাচা মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশ সরকারের বৈদেশিক মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বাবা মরহুম সফিক আহমেদ চৌধুরী তদানিন্তন পূর্ব পাকিস্তানের শিক্ষা মন্ত্রনালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
নাসার চৌধুরী ঢাকার ওয়েস্ট এন্ড হাই স্কুলে এবং পরে ঢাকা কলেজ থেকে পাশ করে রেডিও পাকিস্তান রাজশাহীতে অনুষ্ঠান প্রযোজক হিসাবে যোগদান করেন। তিনি দীর্ঘকাল রেডিওর বিভিন্ন দায়িত্বে কর্তব্যরত ছিলেন।
সহকারী আঞ্চলিক পরিচালক পদে থাকাকালীন সময়ে তিনি স্বপরিবারে আমেরিকা চলে আসেন।
ঢাকায় থাকাকালীন সময়ে তিনি ঢাকা বেতার কেন্দ্র এবং বাংলাদেশ টেলিভিশনের ‘ক’ শ্রেণীভুক্ত আধুনিক গানের নিয়মিত শিল্পী ছিলেন। গজল সম্রাট তালাত মাহমুদ এবং মেহেদী হাসানও তার গানের যথেষ্ট প্রশংসা করেন।
‘গীতালী’ তার গীত আধুনিক গান এবং উপমহাদেশের স্রেষ্ঠ বাঙ্গালী উর্দ্দু কবি খান বাহাদুর রেজা আলী ওহশাতের (তিনি সম্পর্কে নাসের চৌধুরীর নানা) লেখা গজলের ক্যাসেট বাজারজাত করে, যা সুধী এবং শিল্পী সমাজে যথেষ্ট প্রশংসা অর্জন করে।
বর্তমানে নাসার চৌধুরী স্বপরিবারে ফ্লোরিডার অরলান্ডো শহরে বসবাস করছেন। তার একমাত্র সন্তান হাসান তালাত চৌধুরী এখানে ব্যাংকে কর্তব্যরত। তিনিও এখানে শিল্পী সমাজে একজন উচুমানের শিল্পী হিসাবে পরিচিত।
- আশফাকুর রহমান পল্লব
২০ মে ২০০৮